ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা অভিনেতা রাম চরণ ‘পেদ্দি’ সিনেমার শুটিং সেটে এক দুর্ঘটনা আহত হয়েছেন। সিয়াসাত ডটকম জানিয়েছে, ‘পেদ্দি’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন চোখে আঘাত পেয়েছেন রাম চরণ। তবে আঘাতটি গুরুতর নয়। চিকিৎসকরা তাকে দুই দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) থেকে গাছিবোলি ইন্ডোর স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ একটি শিডিউলের শুটিং শুরু হয়েছে। সেখানে টানা চার দিন দৃশ্যধারণের কাজ হবে। নির্মাতারা আশাবাদী, এতে করে নির্ধারিত তারিখে সিনেমাটির মুক্তিতে কোনো প্রভাব ফেলবে না।
আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর. রহমান।
২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘পেদ্দি’ সিনেমা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৩০ এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









