রূপালি পর্দার গণ্ডি পেরিয়ে এবার সংসদীয় রাজনীতিতে অভিষেক ঘটল টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের। শপথ উপলক্ষে সংসদে তার বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক উপস্থিত ছিলেন।
সোমবার (৬ এপ্রিল) ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন তিনি। পশ্চিমবঙ্গসহ তিন রাজ্য থেকে নির্বাচিত আরও ১৯ জন সদস্যের সঙ্গে দিল্লির সংসদ ভবনে কোয়েল শপথ নেন।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ক্যারিয়ারের ২২ বছরে কখনো বিতর্কে জড়াননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এবং বাবা রঞ্জিত মল্লিকের বরাবরই ভালো সম্পর্ক ছিল।
মাসখানেক আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনি কাজে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় গুঞ্জন ওঠেছিল- সিনেমাপাড়ার পাঠ চুকিয়ে এবার তাহলে রাজনীতির মাঠে যোগ দিচ্ছেন এই অভিনেত্রী? সরাসরি রাজনীতির ময়দানে না এলেও রাজনীতির রঙ এবার তার ক্যারিয়ারে লাগল।
মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাতেই তিনি শপথবাক্য পাঠ করেন বলে কিছু ভারতীয় সংবাদমাধ্যম জানায়।
শপথ গ্রহণ শেষে দিল্লি সংসদ ভবন চত্বরে তোলা বেশকিছু ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন তিনি।
কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানে ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবক। কোয়েল-নিসপাল দম্পতির দুই সন্তান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









