প্রায় দুই দশক ধরে অবহেলায় পড়ে থাকা একটি পুরনো অ্যাকুস্টিক গিটার হঠাৎ হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্রের ডালাস শহরের একটি রেডিও স্টেশন নিউ কান্ট্রি ৯৬.৩-এর আলমারি থেকে সম্প্রতি উদ্ধার হয়েছে টেইলর সুইফটের স্বাক্ষর করা একটি বিরল গিটার।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, 'দ্য লস্ট টেইলর সুইফট গিটার' নামে পরিচিত এই বাদ্যযন্ত্রটি নিলামে তোলা হয়েছে, যার পুরো অর্থ দেওয়া হবে শিশুদের চিকিৎসাসেবামূলক একটি প্রতিষ্ঠানকে।
সংগীতপ্রেমী ও সংগ্রাহকদের কাছে এটি একটি মূল্যবান আবিষ্কার। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকের টেইলর সুইফটের স্বাক্ষর থাকায় গিটারটির ঐতিহাসিক ও সংগ্রহযোগ্য মূল্য আরো বেড়েছে। একইসঙ্গে এটি একটি মানবিক উদ্যোগে পরিণত হওয়ায় বিষয়টি পেয়েছে বিশেষ তাৎপর্য।
রেডিও স্টেশনের প্রমোশনস ডিরেক্টর জেসিকা ম্যাকেঞ্জি-উইলিয়ামস জানান, প্রথমে তিনি একটি অনুষ্ঠানে ব্যবহারের জন্য গিটারটি পুনরায় ব্যবহার করতে যাচ্ছিলেন। তবে কাছ থেকে দেখার পর তিনি টেইলর সুইফটের স্বাক্ষর চিনতে পারেন।
জানা গেছে, গিটারটি প্রায় ২০ বছর ধরে স্টেশনের আলমারিতে পড়ে ছিল। ধুলো জমে স্বাক্ষর মলিন হয়ে যাওয়ার কারণে এতদিন এটি কারও নজরে আসেনি।
স্থানীয় সময়ে অনলাইন নিলাম শুরু হয়েছে ১৪ এপ্রিল ২০২৬ থেকে এবং চলবে ১৭ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠানের উপস্থাপক মার্ক হকআই লুইস বলেন, এই গিটারটির যাত্রা ইতোমধ্যেই অসাধারণ। এখন এটি শিশুদের জীবনে পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।
সূত্র : ন্যাশনাল টুডে


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









