একসঙ্গে দুটি অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিল এ সময়ের আলোচিত ব্যান্ড অ্যাশেজ। সেই ঘোষণা অনুযায়ী গানের ‘বিভ্রম’ ও ‘ডানাহীন পাখি’ অ্যালবামের গানের প্রকাশনা শুরু করেছে। সদ্য ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘বিভ্রম’ অ্যালবামের গান ‘ফেরিওয়ালা’।
অনুরাগীদের এখন একটাই প্রশ্ন, পূর্ণাঙ্গ অ্যালবাম আকারে কবে প্রকাশ পাবে ‘বিভ্রম’ ও ‘ডানাহীন পাখি’? এ প্রশ্নে অ্যাশেজের ভাষ্য, ক্যাসেট-সিডি যুগের মতো পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশনা এখন আর সম্ভব নয়। একটি করে গান প্রকাশের মধ্য দিয়ে দুটি অ্যালবামের সব গান শ্রোতাদের কানে পৌঁছে দিতে চান তারা।
এ নিয়ে অ্যাশেজের সদস্য, ড্রামার তৌফিক আহমেদ বিজয় বলেন, ‘শ্রোতাদের ভালোবাসার প্রতিদান দিতে সৃষ্টির নেশায় মেতে আছি আমরা। নিরলস কাজ করে যাচ্ছি, সংগীতের নতুন সব আয়োজনের। নিজস্বয়তা ধরে রেখে অভিনব সৃষ্টি তুলে ধরার চেষ্টা আমাদের। তাই প্রতিটি গান তাদের কানে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। যখনই অনুরাগীরা নতুন কোনো কিছু খবর জানতে পারেন, তা নিয়ে কৌতূহল শুরু হয়ে যায় তাদের মাঝে। দুটি অ্যালবাম প্রকাশের ঘোষণা দেওয়ার পর শ্রোতাদের একইরকম প্রতিক্রিয়া চোখে পড়েছে।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৫ দিন পরপর নতুন গান প্রকাশ করব। এতে করে এ বছরেই অ্যালবাম দুটির সব গান প্রকাশনা সম্পূর্ণ হবে। সেই সঙ্গে শ্রোতার প্রত্যাশাও পূরণ হবে বলে আশা করছি।’
‘বিভ্রম’ ও ‘ডানাহীন পাখি’ অ্যালবাম দুটি নিয়ে অ্যাশেজ সদস্যরা আরও জানান, এই অ্যালবাম দুটি তাদের দীর্ঘ দশ বছরের প্রচেষ্টা। মূলত বিভিন্ন সময়ের সংকলন এটি, যার কিছু গান পুরোনো, কিছু এ সময়ের। পুরোনো গানগুলো কনসার্ট বা বিভিন্ন আয়োজন করলেও অ্যালবামে এবারই প্রথম মুক্তি পাবে। কারণ, প্রতিটি গানের পেছনে আছে কোনো না কোনো গল্প। কথা, সুর, সংগীতায়োজনে কাটাছেঁড়াও হয়েছে বিস্তর। এভাবেই জন্ম হয়েছে একেকটি গানের।
অ্যাশেজের কণ্ঠশিল্পী জুনায়েদ ইভানের কথায়, অ্যালবামের গানে সেই বিষয় তুলে আনা হয়েছে যা, স্পষ্ট করে সুখের জন্য কোনো বস্তু নয়, অনুভবই প্রধান। কারণ আমাদের জীবনধারা এতটাই বস্তুবাদী হয়ে উঠেছে যে, এর বাইরে অন্য কিছুতে সুখী হওয়ার কথা ভাবতেই পারি না। অথচ আমাদের চারপাশে প্রতিনিয়ত রচিত এখন সব দৃশ্যপট; যা আমাদের অনুভূতি দারুণভাবে বদলে নিতে পারে।
আকাশ ও জোছনা দেখা, বৃষ্টির ছন্দ ভিজে চলা– এমন অনেক কিছুই আমাদের অনুভবকে বদলে দিতে পারে। সেই বিষয়গুলোর পাশাপাশি অস্তিত্ববাদ এবং নিজের সঙ্গে নিজের যে দ্বন্দ্ব গানে ছায়ার মতো মিশে আছে। সহজ কথায়, অ্যাশেজ সদস্যরা যে চিন্তাধারা নিয়ে তাদের সৃষ্টি অব্যাহত রেখেছে, তারই অভিনব কিছু পরিবেশনা থাকছে নতুন দুই অ্যালবামের গানগুলোয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









