কিছু দিন ধরে গুঞ্জন উড়ছিল, ভেঙে যাচ্ছে তাদের সংসার। অবশেষে সুরাজ নাম্বিয়ার সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে যৌথ একটি বিবৃতি ইনস্টাগ্রামে প্রকাশ করেন মৌনি রায়। তাতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান এই দম্পতি।
ইনস্টাগ্রামে তারা জানান, “আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গণমাধ্যমের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত হস্তক্ষেপে আমরা হতাশ। আমরা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। এ পরিস্থিতি ব্যক্তিগতভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।”
বর্তমানে তারা দুজনেই এই কঠিন সময়টা ব্যক্তিগতভাবে কাটাতে চান। তবে তাদের বন্ধুত্ব এবং একসঙ্গে কাটানো সময় সব সময়ই মূল্যবান হয়ে থাকবে বলে জানানো হয় পোস্টে।
সকলের প্রতি অনুরোধ জানিয়ে লিখেন, “আমাদের মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। আমার বা সুরাজকে নিয়ে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না। আমাদের অনুরোধ, এই কঠিন সময়ে আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন।”
টিভি ধারাবাহিকে খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গলি’ গানে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেন মৌনি। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ব্ল্যাকআউট’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।
মৌনি রায়কে সর্বশেষ দেখা যায় ‘সালাকার’ সিরিজে। থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেন ফারুক কবির। গত বছরের ৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায় এটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









