স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত প্রবাল চৌধুরী। তাঁর সুরের ধারাকে এগিয়ে নিতে এবার আসন্ন ঈদুল আযহায় একটি চমৎকার রোমান্টিক দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন প্রবাল চৌধুরীর পরবর্তী দুই প্রজন্মের প্রতিনিধিরা।
‘বলে দিতে পারো’ শিরোনামের এই নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী প্রয়াত প্রবাল চৌধুরীর কনিষ্ঠ পুত্র রঞ্জন চৌধুরী এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র তাপস চৌধুরীর কন্যা রীতিশা চৌধুরী পুনম।
কণ্ঠশিল্পী রঞ্জন চৌধুরীর বহুমুখী প্রতিভা রয়েছে। তিনি দেশের টেবিল টেনিস অঙ্গনে ‘মানস’ নামে সুপরিচিত এবং পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন। পেশাগত জীবনে তিনি একজন দন্ত চিকিৎসক (ডেন্টিস্ট)। সুর ও গায়কীর মাধ্যমে ইতিমধ্যে অজস্র শ্রোতার প্রশংসা কুড়ানো রঞ্জনের এ পর্যন্ত ৪টি একক এবং প্রায় ২৫টি দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলীর সুরে ২০০১ সালে বাংলা চলচ্চিত্রে প্লে-ব্যাকের মাধ্যমে তাঁর সংগীতে আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছিল।
সেই ধারাবাহিকতায় এবার ঈদে নিজের সুরে ও সৌগত রানা কবিয়ালের কথায় নতুন এই রোমান্টিক গানটি নিয়ে আসছেন রঞ্জন। গানটির সংগীতায়োজন করেছেন সব্যসাচী রনি। এই গানেই প্রথমবার বাবার (চাচা) সাথে দ্বৈত কণ্ঠে হাজির হচ্ছেন নতুন প্রজন্মের শিল্পী রীতিশা চৌধুরী পুনম।
গানটি প্রসঙ্গে রঞ্জন চৌধুরী বলেন, “পুনম অত্যন্ত প্রতিভাবান এবং মিষ্টি মেলোডি কণ্ঠের অধিকারী। আমার মনে হয়েছে এই গানটি ও খুব ভালো গাইতে পারবে; সেই বিশ্বাস থেকেই প্রায় দুই মাস ধরে গানটির প্রতিটি লাইন আমি ওকে ধরে ধরে শিখিয়েছি। আমার এই সন্তানতুল্য ভাতিজির সাথে গাইতে পেরে আমি নিজে অনেক উচ্ছ্বসিত। আশা করছি, গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।”
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গানটি "Ranjan Chowdhury"-এর অফিশিয়াল ফেসবুক পেজ (Facebook Page) এবং ইউটিউব চ্যানেলে (YouTube Channel) মুক্তি পাবে। সম্পূর্ণ মেলোডিয়াস ঘরানার এই রোমান্টিক গানটি চট্টগ্রামের জনপ্রিয় স্টুডিও 'কে. এস. ডিজিটাল' (K.S Digital Studio)-তে রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, রঞ্জন চৌধুরীর পিসি শিল্পী উমা খান জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং কল্যাণী ঘোষ সংগীতে একুশে পদক প্রাপ্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









