পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এই সংখ্যা গত বছরের মোট বিদেশি হজযাত্রীর সংখ্যাকে ইতোমধ্যে ছাড়িয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের হজ কমান্ডিং অফিসার সালেহ আল-মোরাব্বাহ জানান, এ বছর এখন পর্যন্ত মোট ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন বিদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আগামী সোমবার (২৫ মে) থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হয়। এরপর ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থানের মাধ্যমে পালিত হবে হজের মূল রোকন বা প্রধান স্তম্ভ। ১০ জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ- এই ধারাবাহিকতায় চলবে হজের মূল আনুষ্ঠানিকতা। এর আগে আজ ও আগামীকাল দুই দিনে হজযাত্রীদের এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে হজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ হজের পবিত্র স্থানগুলোতে নিয়োজিত বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি জানান, হাজিদের সেবায় নিরাপত্তা বাহিনীগুলো পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
কমান্ডার আরও উল্লেখ করেন, এ বছর বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থাগুলোর মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। এর ফলে আল্লাহর মেহমানরা অত্যন্ত স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন।
ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে হজ অন্যতম। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









