মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত। মুসলিম উম্মাহর কাছে এই রাত গুনাহ মাফ, দোয়া কবুল ও রমজানের প্রস্তুতির। তাই মুসলমানদের জন্য রাতটি ভাগ্যরজনী বা সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত।
শবে বরাত হলো আল্লাহ তায়ালার মহান দরবারে ক্ষমা প্রার্থনার বিশেষ সময়। আল্লাহ সুবানাহু তায়ালার নৈকট্য ও সান্নিধ্য লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে বিশেষ বরকত হাসিলের মানসে মুসলিম সম্প্রদায় নফল নামাজ আদায়, কুরআন তিলাওয়াত, ইস্তিগফার, ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, তাসবিহ-তাহলিল, দোয়ায় মশগুল থাকেন।
শবে বরাতকে ‘লাইলাতুল বরায়াত’ নামে অভিহিত করেছেন অনেকে। ‘শব’ শব্দটি ফারসি, যার অর্থ রাত। আর ‘বরায়াত’ শব্দের অর্থ হলো—নাজাত, নিষ্কৃতি বা মুক্তি। শাবান মাসের মধ্যবর্তী রাতে পবিত্র শবে বরাত পালিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ গ্রন্থে বর্ণিত হয়েছে যে, ইরান ও ভারতীয় উপমহাদেশে শাবান মাসের একটি রজনীকে ‘শব-ই-বরাত’ বলা হয়। তুরস্ক, ইরান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো কোনো দেশের কোনো কোনো এলাকায় শবে বরাত ভিন্ন ভিন্ন নামে পরিচিত।
শবে বরাতের রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়া, দীর্ঘ সেজদা করা, দুই রাকআত করে যত ইচ্ছা নামাজ পড়া, কুরআনুল করিম তিলওয়াত করা, বেশি বেশি দরুদ শরিফ পড়া, ইস্তিগফার করা, দুআ করা, তাসবিহ তাহলিল, জিকির-আসকার করা আর সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের জন্য, পিতা-মাতা, সন্তান-সন্ততি, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী ও সব মুসলমানদের জন্য বেশি বেশি দোয়া, তওবা ও ক্ষমাপ্রার্থনা করা উচিত। সম্ভব হলে পুরুষের জন্য কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা, কবরবাসীদের জন্য দোয়া করাও সওয়াবের কাজ। এ রাতের নফল আমলসমূহ একাকীভাবে করণীয়।
যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে ওয়াজ মাহফিল, জিকির-আসকারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। শবে বরাত উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









