জুমার নামাজ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পাঁচ ওয়াক্ত নামাজের মতো জুমার নামাজও নির্দিষ্ট শর্তসাপেক্ষে আদায় করতে হয়। অনেকের ধারণা, মসজিদ ছাড়া অন্য কোথাও জুমার নামাজ আদায় করা যায় না। তবে বিষয়টি এমন নয়। জুমার নামাজের প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে মসজিদের বাইরে খোলা জায়গা বা মাঠেও তা আদায় করা যায়।
জুমার নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হলো জামাত। হানাফি ফিকহ অনুযায়ী, ইমাম ছাড়া কমপক্ষে তিনজন মুসল্লি উপস্থিত থাকতে হয়। এ ছাড়া জোহরের সময়ের মধ্যে জুমার নামাজ আদায় করতে হবে এবং নামাজের আগে খুতবা দিতে হবে।
জুমার নামাজের জন্য শহর বা উপশহর হওয়াও একটি শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের প্রচলিত গ্রামগুলোকে এ ক্ষেত্রে সরাসরি সেই অর্থে গ্রাম হিসেবে গণ্য করা হবে না, যেখানে রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানুষের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিদ্যমান।
হজরত আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, ‘শহর ছাড়া জুমা ও ঈদের নামাজ নেই।’ (তাহাবি শরিফ, হাদিস: ১১৫৪)
এ ছাড়া হজরত হুজাইফা (রা.) থেকে বর্ণিত, ‘গ্রামে জুমার নামাজ নেই। জুমা হবে শহরে।’ (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ৫০৬০)
তবে মসজিদে জুমার নামাজ আদায় করাই উত্তম। কোনো প্রয়োজন বা বিশেষ পরিস্থিতিতে শর্ত পূরণ সাপেক্ষে মসজিদের বাইরে মাঠ, খোলা জায়গা বা অন্য উপযুক্ত স্থানেও জুমার নামাজ আদায় করা যায়।
তাই ‘মসজিদ ছাড়া কোথাও জুমার নামাজ হয় না’—এ ধারণা সঠিক নয়। তবে স্থান, জামাত, সময় ও খুতবাসহ জুমার অন্যান্য শরয়ি শর্ত পূরণ হওয়া জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









