প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মদিন আজ। ১৯৮৬ সালের ২১ জানুয়ারি জন্ম নেওয়া এই অভিনেতা বেঁচে থাকলে আজ ৪০ বছরে পা দিতেন। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছিল তার মরদেহ। তার মৃত্যু আজও রহস্যের আড়ালেই রয়ে গেছে। পরিবার ও অনুরাগীরা এখনো সুবিচারের অপেক্ষায়।
অভিনয়ের পাশাপাশি অসাধারণ মেধার অধিকারী ছিলেন সুশান্ত। পদার্থবিদ্যায় তিনি ন্যাশনাল অলিম্পিয়াডের বিজয়ী ছিলেন এবং ২০০৩ সালের ইন্ডিয়ান কম্পিটিটিভ পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করেন। দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় অভিনয়ের টানে মাঝপথেই পড়াশোনা ছাড়েন তিনি।
শুধু পড়াশোনাই নয়, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন সুশান্ত। গিটার বাজানো, দুহাতে লেখা, মার্শাল আর্ট এই সবকিছুতেই ছিলেন দক্ষ। বিখ্যাত কোরিওগ্রাফার অ্যালান আমিনের কাছে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।
মহাকাশের প্রতি তাঁর আগ্রহ ছিল সীমাহীন। চাঁদের জমি কেনা থেকে শুরু করে নাসার মাধ্যমে মহাকাশচারী হওয়ার প্রস্তুতির স্বপ্ন দেখতেন তিনি।
বলিউডে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে তিনি কাজ শুরু করেন। ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া অভিষেক কাপুর পরিচালিত ‘কাই পো চে!’ রাজপুতের প্রথম চলচ্চিত্র। এই ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং বাণিজ্যিকভাবেও সফল হয়। এরপর রাজপুত মনীষ শর্মা পরিচালিত ‘শুধ দেশী রোমান্স’ ছবিতে পরিণীতি চোপড়া ও বাণী কাপুরের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটিও বাণিজ্যিকভাবে সফল হয়। রাজকুমার হিরানী পরিচালিত ‘পিকে’ চলচ্চিত্রে রাজপুত একটি ছোটো চরিত্রে অভিনয় করেন। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী!’ ছবিতে রাজপুত বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা রচিত্র ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করেছেন। ২০১৬ সালে, তিনি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন যার জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ করেছিলেন। অতঃপর সুশান্ত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেদারনাথ’ এবং ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছিছোড়’র মতো বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।মৃত্যুর আগে তার শেষ করা মুভি ছিলো ‘দিল বেচারা’ যা তার মৃত্যুর পর মুক্তি পায়।
ভক্তদের মনে এখনো একই প্রশ্ন ঘুরপাক খায়, সুশান্ত কি আদৌ আত্মহত্যা করেছিলেন? এই প্রশ্নের উত্তর আজও অজানা। অনুরাগী ও পরিবার এখনো তাঁর মৃত্যুর প্রকৃত সত্য জানার অপেক্ষায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









