লুইস সুয়ারেজ উরুগুয়ের অন্যতম সেরা ফুটবলার ও বিশ্বফুটবলের একজন কিংবদন্তি স্ট্রাইকার। বর্তমানে তিনি উরুগুয়ে জাতীয় দল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি–তে ফরোয়ার্ড হিসেবে খেলছেন। তিনি ১৯৮৭ সালে ২৪ জানুয়ারি উরুগুয়ের সালতোয় জন্মগ্রহণ করেন। আজ এই কিংবদন্তি ফুটবলারের ৩৯তম জন্মদিন।
গোল করার অসাধারণ দক্ষতা, আগ্রাসী খেলা ও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য সুয়ারেজ তার প্রজন্মের সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচিত। ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে তিনি এখন পর্যন্ত মোট ১৮টি শিরোপা জয় করেছেন, এর মধ্যে রয়েছে ছয়টি লিগ শিরোপা, একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং উরুগুয়ের হয়ে একটি কোপা আমেরিকা।
ব্যক্তিগত অর্জনেও সুয়ারেজ অনন্য। তিনি জিতেছেন দুটি ইউরোপিয়ান গোল্ডেন বুট, একটি এরেদিভিসি গোল্ডেন বুট, একটি প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট এবং ২০১৬ সালে লা লিগার পিচিচি ট্রফি জিতে টানা ছয় বছর ধরে চলা লিওনেল মেসি–ক্রিস্তিয়ানো রোনালদোর আধিপত্যে ছেদ টানেন।
২০০৫ সালে উরুগুয়ের ক্লাব নাসিওনালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন সুয়ারেজ। এরপর তিনি খেলেন নেদারল্যান্ডসের গ্রোনিঙ্গেন ও আয়াক্স এ, যেখানে তার গোলদক্ষতা ইউরোপজুড়ে নজর কাড়ে।
২০১১ সালে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুলে এবং ২০১৪ সালে পাড়ি জমান স্পেনের বার্সেলোনায়। ২৫ অক্টোবর ২০১৪ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে বার্সেলোনার হয়ে তার অভিষেক হয়। কাতালান ক্লাবে তিনি মেসি–নেইমারের সঙ্গে গড়ে তোলেন ঐতিহাসিক আক্রমণভাগ মেসি–নেইমার- সুয়ারেজ ত্রয়ী।
আন্তর্জাতিক অঙ্গনে সুয়ারেজ উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি কলম্বিয়ার বিপক্ষে তার জাতীয় দলে অভিষেক হয়। তিনি তিনটি ফিফা বিশ্বকাপ, তিনটি কোপা আমেরিকা, ২০১২ অলিম্পিক ও ২০১৩ কনফেডারেশন্স কাপে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেন।
২০১০ বিশ্বকাপে তিন গোল করে দলকে চতুর্থ স্থানে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১১ কোপা আমেরিকায় চার গোল করে উরুগুয়েকে রেকর্ড ১৫তম শিরোপা এনে দেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জিও কিয়েলিনিকে কামড় দেওয়ার ঘটনায় বিতর্ক ও বহিষ্কার তার ক্যারিয়ারের একটি অন্ধকার অধ্যায় হয়ে থাকে।
ক্লাব ফুটবলে ব্রাজিল ও উরুগুয়ে ঘুরে ২০২৩ সালে সুয়ারেজ যোগ দেন ইন্টার মিয়ামিতে, যেখানে তিনি আবারও লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলছেন এবং এমএলএসে নিজের অভিজ্ঞতা ও গোলক্ষুধা দিয়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
লুইস সুয়ারেজ গোল, গৌরব, বিতর্ক আর অবিস্মরণীয় মুহূর্তে ভরা এক বর্ণাঢ্য ফুটবল জীবনের নাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









