বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৯তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে তিনি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন মির্জা ফখরুল। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হন। সে সময় তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (বর্তমান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) সদস্য ছিলেন। পরবর্তীতে সংগঠনটির এসএম হল শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয়-ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে একজন নীরিক্ষক হিসেবে কাজ করেন। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপ-প্রধানমন্ত্রী এস. এ. বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান। ১৯৮২ সাল হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বারী পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। বারী পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশায় ফিরে যান। এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করে ১৯৮৬ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। নব্বইয়ের দশকে শিক্ষকতা ছেড়ে তিনি সক্রিয়ভাবে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর কৃষি প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১১ সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুল দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরবর্তীতে ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব হিসেবে নির্বাচিত হন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি সংসদে যোগ দেননি। তবে বিএনপির অন্যান্য নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
ব্যক্তিজীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতার নাম মির্জা রুহুল আমিন এবং মাতার নাম মির্জা ফাতেমা আমিন। তিনি রাহাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি দুই কন্যাসন্তানের জনক। তাঁর বড় মেয়ে মির্জা শামারুহ বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মরত রয়েছেন এবং ছোট মেয়ে মির্জা শাফারুহ একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









