আজ ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। বিশ্বব্যাপী ক্ষুধা দূর করা, পুষ্টির মান উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই কৃষি ও খাদ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ‘আজকের উদ্ভাবন, আগামী সমৃদ্ধি’।
১৯৪৫ সালের ১৬ অক্টোবর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠিত হয়। এ দিনটির স্মরণে প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়।
১৯৭৯ সালে হাঙ্গেরির তৎকালীন কৃষি ও খাদ্যমন্ত্রী পল রোমানি সংস্থাটির সম্মেলনে বিশ্ব খাদ্য দিবস পালনের প্রস্তাব দেন। পরে প্রতিবছর ১৬ অক্টোবর দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়।
বিশ্ব খাদ্য দিবসের অন্যতম লক্ষ্য হলো বিশ্বজুড়ে ক্ষুধা ও অপুষ্টি দূর করতে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং কৃষি ও খাদ্য উৎপাদনব্যবস্থাকে টেকসই করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কৃষি উন্নয়ন ও ক্ষুধা মোকাবিলার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









