বাংলা সঙ্গীতের ইতিহাসে এক অনন্য নাম শ্যামল মিত্র, খ্যাতিমান কণ্ঠশিল্পী ও সুরকার। নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের পাশাপাশি অসংখ্য চলচ্চিত্রের গানে নেপথ্য কণ্ঠ দিয়ে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সঙ্গীত ভাণ্ডার। সুললিত কণ্ঠমাধুর্য ও সংবেদনশীল সুরযোজনার গুণে বিশ শতকের মধ্যভাগে তিনি বাংলা গানের জগতে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন। আজ এই গুণী শিল্পীর ৯৬তম জন্মবার্ষিকী।
শ্যামল মিত্রের জন্ম ১৯২৯ সালের ১৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের নৈহাটিতে। সঙ্গীতে তাঁর প্রাথমিক তালিম ছিল সুধীরলাল চক্রবর্তীর কাছে। মাত্র বাইশ বছর বয়সে কলকাতার এইচএমভি থেকে প্রকাশিত হয় আধুনিক গান নিয়ে তাঁর গাওয়া প্রথম রেকর্ড, যার সুরও করেছিলেন সুধীরলাল চক্রবর্তী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি একটির পর একটি আধুনিক গানের রেকর্ডে কণ্ঠ ও সুরে নিজের স্বাক্ষর রেখে এগিয়ে চলেন তিনি।
কণ্ঠশিল্পীর পাশাপাশি সুরকার হিসেবেও শ্যামল মিত্র হয়ে ওঠেন সমান জনপ্রিয় ও প্রতিষ্ঠিত। তাঁর সুরে গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ইলা বসু, সুপ্রীতি ঘোষ, গায়ত্রী বসু, হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, তরুণ বন্দ্যোপাধ্যায়সহ বহু প্রথিতযশা শিল্পী। রবীন্দ্রসঙ্গীতে তিনি তালিম নেন দেবব্রত বিশ্বাসের কাছে, আর এই ধারাতেও তাঁর গাওয়া একাধিক রেকর্ড বিশেষভাবে সমাদৃত। নজরুলগীতিতেও ছিল তাঁর সাবলীল উপস্থিতি।
আধুনিক গান ও চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে শ্যামল মিত্র কাজ করেছেন সুধীন দাশগুপ্ত, সলীল চৌধুরী, নচিকেতা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়, অভিজিত বন্দ্যোপাধ্যায়সহ বহু খ্যাতিমান সুরকারের সঙ্গে। তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য— ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর’, ‘যা যারে যা যা পাখি’, ‘হংস পাখা দিয়ে’ প্রভৃতি।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ঢাকায় এসে দুটি ছবিতে কন্ঠ দেন। আলমগীর কবির পরিচালিত ‘সূর্যকন্যা’ ছবিতে ‘চেনা চেনা লাগে তবু অচেনা…’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান।
সুরকার হিসেবেও তাঁর অবদান স্মরণীয়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘হয়তো কিছুই নাহি পাব’, ‘ও ঝরা পাতা’ কিংবা সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া ‘রাতের আকাশ তারায় রয়েছে’এসব জনপ্রিয় গানের সুরে ছিল শ্যামল মিত্রের অনবদ্য ছোঁয়া। সময় পেরিয়ে গেলেও হারানো দিনের এই গানগুলোর আবেদন আজও অমলিন।
১৯৮৭ সালের ১৫ নভেম্বর বাংলা সঙ্গীতের এই দিকপাল শিল্পী শ্যামল মিত্র প্রয়াত হন। তবে তাঁর কণ্ঠ ও সুরে বাঁধা গান আজও বেঁচে আছে শ্রোতার স্মৃতিতে, অনুভবে ও ভালোবাসায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









