রাজধানীসহ সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ১ হাজার ৪০৮ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
এদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৫ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪১ হাজার ১২০ জন ছাড়পত্র পেয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









