দেশে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে এক অভূতপূর্ব উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনার আওতায় এখন থেকে দেশের যেকোনো বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যায় (বেড) ভর্তি হলে কোনো বেড ভাড়া এবং চিকিৎসা সেবার খরচ দিতে হবে না; অর্থাৎ এই সুবিধাগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবেন রোগীরা। এছাড়া ডেঙ্গু সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার (মেডিকেল টেস্ট) খরচের সিংহভাগ—৮০ শতাংশই বহন করবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক বৈঠক শেষে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে। এসব শয্যায় ভর্তি রোগীদের বেড ও চিকিৎসা ব্যয় সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যয়ের ৮০ শতাংশ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। তবে রোগীদের ওষুধ ও খাবারের খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে বলে জানান মন্ত্রী।
ডেঙ্গু মৌসুমে অনেক রোগীকেই একাধিক রক্ত পরীক্ষা, প্লাটিলেট মনিটরিং ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়, যা চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ। এ অবস্থায় পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড় রোগীদের আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে বলে দাবি সংশ্লিষ্টদের।
বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাসা, ভবনের ছাদ বা আশপাশে মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া মশার লার্ভা ধ্বংসে বিশেষ ওষুধ ব্যবহারের পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









