রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের অক্সিজেন স্বল্পতার কারণে ছয় নবজাতকের জীবন সংকটে পড়ে এবং শেষ পর্যন্ত তাদের মৃত্যু ঘটে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার বিকেলে তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, হাসপাতালের জন্য আদ-দ্বীন ভবনটি উপযুক্ত নয়। দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। বদ্ধ পরিবেশে বায়ু চলাচল কম থাকায় নবজাতকদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
মন্ত্রী অভিযোগ করেন, এ ঘটনায় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল। তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং রোববারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বুধবার তাদের প্রতিবেদন জমা দেয়। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত কমিটিও বৃহস্পতিবার রিপোর্ট জমা দেয়। এরপর বিকেল ৪টার দিকে মন্ত্রী গণমাধ্যমকে ব্রিফ করেন।
এ ঘটনায় দায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে অনেক সময় আসামিপক্ষ সুবিধা নিতে পারে, তবে এই ঘটনায় সে সুযোগ থাকবে না।
মন্ত্রী আরও বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় এবং বিচারিক প্রক্রিয়ায় যথাযথ গুরুত্ব দেওয়া হবে। তার ভাষায়, বাস্তবতা হলো—সম্পূর্ণ অবহেলার কারণেই ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কেউ কোনো ধরনের সুবিধা পাবে না এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









