দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়তে থাকায় নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে বিপুল সংখ্যক শিশুর শরীরে এই রোগের উপসর্গ শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য নিয়ে শঙ্কা আরও বেড়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকার এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। তবে তাদের কারও শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১৯ শিশু। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ শিশু। সব মিলিয়ে দেশে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।
একই সময়ে ৭৬ হাজার ৮৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৬২ হাজার ২৮৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ১৫৪ শিশু।
এদিকে, পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ৫০৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই এই রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









