সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ডেঙ্গু নিয়ে ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহষ্পতিবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মৃত দুজনই ময়মনসিংহ বিভাগের। এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৫৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার (২২ জুন) ডেঙ্গুতে একজনের মৃত্যুর হয়েছিল।
গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮, চট্টগ্রাম বিভাগে ১৬, ঢাকা বিভাগে ১১, খুলনা বিভাগে ১০, রাজশাহী বিভাগে ৪ ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৩ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









