দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৮২৫ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে একজন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মারা গেছে ৮২৫ জন। এর মধ্যে হামের উপসর্গে ৭৩০ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৯২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৫ হাজার ৫৫৫ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এ সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









