রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া লাইসেন্স প্রায় দেড় মাস পর শর্তসাপেক্ষে ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে হাসপাতালটি আবারও কার্যক্রম পরিচালনা করতে পারবে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাইসেন্স বাতিলের পর হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের কাছে আপিল করে। সেই আপিলের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন দাখিল করলে সেটি সন্তোষজনক বিবেচনায় লাইসেন্স বাতিলের আগের আদেশ প্রত্যাহার করা হয়।
তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হলেও কয়েকটি শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে— দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সব বিধান যথাযথভাবে অনুসরণ করা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগ সম্পন্ন করা।
এছাড়া ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালটির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









