দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে দুজন এবং হাম-উপসর্গে দুজন মারা গেছেন। একই সময়ে হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৭ জন।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জন।
এ সময়ে হাম-উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন মোট ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৭ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ২০০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হাম-উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৯ জনে।
অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









