রাজধানীসহ সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ এবং সন্দেহজনক হাম রোগে ৮০৯ জন শিশু মারা গেছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৮০ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









