দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৯ জনে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৯৪০ শিশু।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন ঢাকার, একজন সিলেটের এবং অন্যজন খুলনার।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯৪০ শিশুর মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮৭৬ শিশু।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। এর মধ্যে ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এদিকে, একই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮২৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ৯২৮ শিশুর মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









