দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিভিন্ন অঞ্চল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট (আইজিপি) এর মাত্রা ৭ দশমিক ২ বলে জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কম্পন রাজধানী লিমাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করে কর্তৃপক্ষ এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে।
আইজিপির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (সেনসিস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরার প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরবর্তী পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









