রাজধানীসহ সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। একই সাথে নতুন করে এক হাজার ৩১৬ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৭ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ২৩৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৩৬ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ শিশু।
দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২০ হাজার ২০১ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









