আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। হামলায় আহত হয়েছেন আরও চারজন।
কুনার প্রাদেশিক সরকারের মুখপাত্র ফরিদ দেহকান আল জাজিরাকে জানান, সোমবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে (রবিবার গ্রিনিচ মান সময় রাত ১১টা ৩০ মিনিট) নুরগাল জেলায় হামলাটি হয়। কুনার আফগানিস্তানের উত্তর-পূর্বের একটি পাহাড়ি প্রদেশ।
তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, কুনারে অন্তত একটি বাড়িতে হামলা হয়েছে। এতে একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত হন।
তিনি আরও জানান, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি জায়গায় বোমা হামলা হয়েছে। এতে একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়েছে, তবে কেউ হতাহত হননি।
এই হামলা নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দুই দেশের সম্পর্কে টানাপোড়েন
একসময়ের মিত্র এই দুই দেশের সম্পর্ক ফেব্রুয়ারি থেকে খারাপ অবস্থায় রয়েছে। ওই সময় দুই পক্ষের মধ্যে বহু বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল।
বিরোধের মূল কারণ পাকিস্তানের অভ্যন্তরে সহিংসতা। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ডে আশ্রয় নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং কাবুল তাদের আশ্রয় দিচ্ছে। আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলছে, এটি পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা।
কোহাট হামলার পটভূমি
সোমবারের বিমান হামলার কয়েক দিন আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাটে একটি পুলিশ স্থাপনার মসজিদে বোমা হামলা হয়। পাকিস্তানি তালেবানের একটি গোষ্ঠী এর দায় স্বীকার করেছে। বিস্ফোরণ ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত ২১ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পুলিশ সদস্য বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা।
শনিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছিল, দেশটিতে হামলার জবাবে তারা আফগানিস্তানের ভেতরে থাকা যোদ্ধাদের ওপর আঘাত হানতে পারে। কোহাট হামলার জন্য মন্ত্রণালয় আফগানিস্তানভিত্তিক যোদ্ধাদের দায়ী করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









