নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের দুই ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধষ চুরির ঘটনায় ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন তারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সৈয়দপুর প্লাজার সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইনফিনিক্স মোবাইল শোরুমের মালিক আহাদ আহমেদ এবং বিদ্যুৎ জুয়েলার্সের মালিক মো. আসিফ খান টিপু বক্তব্য দেন। এছাড়া বক্তব্য রাখেন সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এইচএম মনির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, নিজাম দেওয়ান, আতিক আহমেদ, আরমান হোসেন, মাহবুব হোসেন, এইচ এম রুপন, রুবেলসহ অন্যান্য ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, ১৫ সেপ্টেম্বর সকালে সৈয়দপুর প্লাজার নিচতলায় পাশাপাশি দুটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। চোরেরা ইনফিনিক্স মোবাইল শোরুম থেকে শতাধিক মোবাইল ফোন এবং বিদ্যুৎ জুয়েলার্স থেকে স্বর্ণ-রুপার অলংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। দুই ব্যবসায়ীর দাবি, চুরি যাওয়া মালামালের বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।
মানববন্ধন থেকে ব্যবসায়ীরা সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদ কাছে দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার, জড়িতদের গ্রেপ্তার, মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার সংখ্যা ও নজরদারি বাড়ানোর দাবি জানান।
ব্যবসায়ীদের অভিযোগ, তারা নিয়মিত ট্যাক্স ও বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ পরিশোধ করে মার্কেটে ব্যবসা পরিচালনা করছেন। ফলে মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। নিরাপত্তার ঘাটতির কারণেই চুরির ঘটনা ঘটেছে দাবি করে তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এর আগে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীও মার্কেট কর্তৃপক্ষের কাছেই ক্ষতিপূরণের দাবি জানিয়েছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ও উল্লেখযোগ্য কোনো সমাধান না হলে সৈয়দপুর প্লাজার সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আহাদ আহমেদ বলেন, চুরির ঘটনায় আমাদের ব্যবসা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে মো. আসিফ খান টিপু বলেন, মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও দিনের বেলায় দোকানে চুরি হয়েছে। আমরা আমাদের ক্ষতিপূরণ চাই এবং একই সঙ্গে প্লাজার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি জানাচ্ছি।
সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আহাদ আহমেদ ও আসিফ খান টিপু চুরি যাওয়া মালামালের ক্ষতিপূরণ দাবি করেন।
সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদ জানান, চুরির ঘটনায় দুই ব্যবসায়ীর ব্যবক ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনের সাথে সর্বাক্ষনিক যোগাযোগ রাখছি চুরির মালামাল উদ্ধার ও চোরদের আইনের আওতায় আনার জন্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









