দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের মধ্যে নারীর হার ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষের হার ৪৮ দশমিক ১ শতাংশ।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যান।
সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়। ওই মাসে রোগটিতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে মারা গেছেন ৫৪ জন। এর মধ্যে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় গত ৬ অক্টোবর।
অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৮০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। দুই সিটি করপোরেশনের বাইরের ঢাকা বিভাগে মারা গেছেন ১৭ জন। এ ছাড়া খুলনায় ৬১, চট্টগ্রাম ও বরিশালে ২৬ জন করে, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২১, রংপুরে ছয় এবং সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন। এর মধ্যে চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪৬২ জন। সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪।
এর আগে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮৯ হাজার ৩৮০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









