গাইবান্ধা সদর উপজেলার নশরতপুরে স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রংপুর ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে এবং জিইউকে হাসপাতালের সহযোগিতায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান। প্রধান আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনি রানী।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন।
আলোচনায় ডা. মনি রানী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, স্ব-পরীক্ষা ও নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত হলে সঠিক চিকিৎসায় নিরাময় সম্ভব। তাই কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে সংকোচ না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও জিইউকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীসহ চার শতাধিক নারী অংশ নেন। আলোচনা শেষে তাঁদের স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









