আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা এবং পূজা মণ্ডপগুলোতে সরকারি চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ৫৯টি দুর্গাপূজা মণ্ডপের জন্য ৬০০ কেজি করে সরকারি উপহারের চাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় ও চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ‘‘বিগত ফ্যাসিস্ট সরকার হিন্দু সম্প্রদায়কে সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল। তারেক রহমানের সরকার সবচাইতে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই আমরা সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের উৎসবে শরীক হয়ে আসছি। দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পূজায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সবাই যাতে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকার ও স্থানীয় প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’’
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি অফিসের কৃষিবিদ সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









