রাজধানীসহ সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত হয়ে ২৪ জন এবং লক্ষণ নিয়ে ১৪৫ জনের মৃত্যু হলো।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গেল ২৪ ঘণ্টায় ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৯ জন। এবং দেশে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন ৮৮৮ জন। এর মধ্যে ভর্তি নেওয়া হয় ৫৫৩ জনকে।
গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালগুলোতে এসেছেন সর্বোচ্চ ৪৪৫ জন; আর সবচেয়ে কম ৫ জন এসেছেন ময়মনসিংহের হাসপাতালগুলোতে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন ১৪ হাজার ৩৮৫ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৪৬৩ জন।
আর হামের লক্ষণ নিয়ে ভর্তির পর সুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ২২ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









