সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের একটি ঘাসের জমি থেকে অজ্ঞাতপরিচয় কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে দুপুরে স্থানীয় এক কৃষক ঘাস কাটতে গেলে কিশোরের মরদেহ দেখতে পায়। আশেপাশের লোকজনকে জানালে হাজারো উৎসুক জনতা সেখানে ভিড় করে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত লাশের পরনে পাঞ্জাবি-পাজামা দেখে মাদ্রাসা ছাত্র বলে ধারণা করা হচ্ছে এবং বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে হত্যাকাণ্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্তে এবং হত্যার কারণ উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









