টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা না পাওয়ার ধাক্কা সামলে জুনে দুটি প্রীতি ম্যাচে নতুন দায়িত্বে থাকবেন অনূর্ধ্ব-২১ দলের কোচ সিলভিও বালদিনি।
শনিবার (১১ এপ্রিল) ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, লুক্সেমবার্গ ও গ্রিসের বিপক্ষে ম্যাচ দুটিতে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
বিশ্বকাপে জায়গা না পাওয়ার ব্যর্থতার পর রাজনৈতিক চাপের মুখে ফেডারেশন সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা পদত্যাগ করেছেন। একইসঙ্গে দলের প্রতিনিধি প্রধানের দায়িত্ব ছাড়েন সাবেক কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আর প্রধান কোচ জেন্নারো গাত্তুসোও নিজের পদ ছেড়ে দেন।
নতুনভাবে দল গঠনের সূচনা হবে জুনের প্রীতি ম্যাচ দিয়েই। ৩ জুন অ্যাওয়ে ম্যাচে লুক্সেমবার্গের মুখোমুখি হবে ইতালি। এরপর ৭ জুন গ্রিসের বিপক্ষে খেলবে ক্রিটে।
জুনের এই দুই ম্যাচকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে আজ্জুরিরা। কারণ সেপ্টেম্বরে শুরু হবে উয়েফা নেশন্স লিগের পঞ্চম আসর। যেখানে ইতালি রয়েছে লিগ ‘এ’-এর গ্রুপ ১-এ। সেই গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্ক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









