যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন হিজবুল্লাহ প্রধান।
রবিবার (২৪ মে) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ ও পূর্বাঞ্চলের ৩০টিরও বেশি স্থানে ইসরাইলি বিমান হামলা হয়েছে, যার কয়েকটিতে হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন এলাকায় হামলার পর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২ মার্চ থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৩ হাজার ১২৩ জনে দাঁড়িয়েছে।
এছাড়াও, গতকাল ইসরাইলি হামলায় হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ইসলামিক হেলথ কমিটির এক প্যারামেডিকসহ দু’জন নিহত হয়েছেন বলে জানা যায়। এর আগের দিন দক্ষিণাঞ্চলীয় সির আল-গারবিয়েহ এলাকায় এক হামলায় ছয় নারী ও এক শিশুসহ ১১ জন নিহত হয়। মন্ত্রণালয় এই হত্যাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরাইলি সেনাদের পাশাপাশি সীমান্তের ওপারের লক্ষ্যবস্তুগুলোর ওপরও হামলা অব্যাহত রেখেছে। রকেট, ড্রোন ও কামান ব্যবহার করে চালানো ২০টিরও বেশি হামলার কথা তারা স্বীকার করেছে।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। পাশপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার এক ডজনেরও বেশি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, রাতের ইসরাইলি হামলায় নাবাতিয়েহ অঞ্চলে তাদের একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
এএফপির এক আলোকচিত্রী বলেন, ‘‘সিভিল ডিফেন্সের কর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করছেন।’’ এএফপি’র জেরুজালেম ব্যুরোর প্রশ্নের জবাবে ইসরাইলি সামরিক বাহিনী এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









