বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে সব জানেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার অভিযোগ, এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততা ছিল। এমনকি এ মামলার আসামিরা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হলে সেই তথ্য গোপন রাখতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেছিলেন বলেও দাবি করেন তিনি।
তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর প্রায় একমাস পর আন্দোলন কর্মসূচিতে রাস্তায় নেমে মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে ধরনায় বসে এ মন্তব্য করেন মমতা ব্যানার্জী।
তিনি বলেন, বাংলাদেশের এক ‘বড় খুনি’কে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে ব্যাপক আন্দোলন হয়েছিল। পরে সেই ব্যক্তিরা মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে এসটিএফ তাদের আটক করে।
মমতার দাবি, “এরপর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিজে ফোন করেন। এতদিন আমি বিষয়টি বলিনি। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় গেছে যে বলতে বাধ্য হচ্ছি।”
তবে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখনো নাম বলছি না ভদ্রতার খাতিরে। এতে বাংলাদেশে পরিস্থিতি উত্তাল হতে পারে, যা আমি চাই না। আমি দেশকে ভালোবাসি।”
ধরনা মঞ্চে উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকরা নাম প্রকাশের দাবি জানালেও তিনি তা এড়িয়ে যান। তিনি আরও দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন বিষয়টি যেন প্রকাশ না পায়।
মমতা ব্যানার্জী বলেন, “কাকে দিয়ে খুন করানো হয়েছিল, কারা জড়িত ছিল—সবই আমি জানি। সরকার পরিবর্তন হলেও সত্য আমার কাছে রয়ে গেছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









