ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদারের প্রেক্ষাপটে বাংলাদেশকে ২ হাজার ৮৬০ জনের বেশি ব্যক্তির জাতীয়তা যাচাইয়ের অনুরোধ জানিয়েছে দেশটি। ভারতীয় কর্তৃপক্ষের ধারণা, এসব ব্যক্তি বাংলাদেশি নাগরিক হতে পারেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশের কাছে তথ্য পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
তিনি বলেন, বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিক যদি অবৈধভাবে ভারতে অবস্থান করেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। জাতীয়তা নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য দুই দেশের মধ্যে একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে, যা অনুসরণ করেই পদক্ষেপ নেওয়া হয়।
জয়সওয়াল আরও জানান, এ ধরনের একাধিক অনুরোধ এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে প্রত্যাবাসন কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।
এদিকে, সাম্প্রতিক সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা শত শত বাংলাদেশি সীমান্ত এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতোমধ্যে প্রায় ৪০০ নথিবিহীন বাংলাদেশিকে আটক করেছে।
পাশাপাশি, রাজ্যের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) কার্যক্রমকে কেন্দ্র করে অভিবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ‘শনাক্ত, বাতিল ও বহিষ্কার’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









