ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি-এর রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আমন্ত্রণ জানান বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি। তার মৃত্যুর পর ভারতের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। এ সময় দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি নয়াদিল্লিতে ইরানি দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।
ভারত-ইরান সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতকালেও দুই দেশের শীর্ষ পর্যায়ে যোগাযোগ অব্যাহত ছিল। প্রধানমন্ত্রী মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করেন।
এ দিকে যুদ্ধবিরতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









