যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।
ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগের পর শুক্রবার ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।
এ অবস্থায় শনিবার (২৭ জুন) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। ট্যাংকারটির ক্যাপ্টেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, অজ্ঞাত বস্তুটি জাহাজের কমান্ড সেন্টারে আঘাত করে। তবে সব নাবিক নিরাপদ রয়েছেন এবং এ ঘটনায় কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউকেএমটিও জানিয়েছে, হামলার কারণ ও প্রকৃতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ দিকে একই দিনে বাহরাইনও অভিযোগ করেছে, ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। যদিও ড্রোনগুলো সরাসরি কোনো স্থাপনায় আঘাত করেছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। পাশাপাশি দাবি করা হয়েছে, ইরান একাধিক ড্রোন ব্যবহার করলেও সেগুলোর লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
বাহরাইনের দাবি, এই হামলা বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের আন্তর্জাতিক উদ্যোগকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে।
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









