ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে একটি পাথর খনিতে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। আরও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) মাদাপাট্টানা গ্রামের কাবেরী কোম্পানির মালিকানাধীন ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে। খননকাজ চলাকালে ওপরের অংশ থেকে একটি বড় পাথরখণ্ড আলগা হয়ে শ্রমিকদের ওপর ভেঙে পড়ে বলে জানায় স্থানীয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রায় ১৮ জন শ্রমিক তখন খনিতে কাজ করছিলেন। প্রায় ৪০ ফুট উচ্চতা থেকে বিশাল শিলাখণ্ড নিচে পড়ে শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। পরে ধ্বংসস্তূপ থেকে আরও কয়েকজনকে উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
নিহত ও আহতদের বেশির ভাগই ভারতের মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গেছে। কর্তৃপক্ষ নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।
কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ঘটনাস্থলে কর্মকর্তারা কাজ করছেন এবং তদন্ত চলছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি; বরং মাটির ক্ষয়ের কারণে ধস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, খনিটি নিয়ম মেনে পরিচালিত হচ্ছিল কি না তা খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নতুন নির্দেশিকা জারি করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









