পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্ত অতিক্রম করার সময় পেশোয়ারগামী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এবং আটজন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া—উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে শেরানির ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে ছেড়েছিল। তবে পথিমধ্যে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের যাত্রীদেরও এতে তোলা হয়।
এদিকে খাইবার পাখতুনখোয়ার উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ঝোবের জরুরি সেবা ও রেসকিউ ১১২২-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
আহত আটজনকে ঝোব জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে কাছের একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও পৃথক এক বার্তায় শোক প্রকাশ করেন। তিনি উদ্ধার অভিযান জোরদার করা, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন।
উল্লেখ্য, এর আগেও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। লোয়ার দির জেলার নাওয়াগাই আসবানর এলাকায় একটি গাড়ি খাদে পড়ে তিন নারী নিহত ও দুজন আহত হন। এছাড়া গত ৩১ মার্চ আপার চিত্রালে পাঁচ যাত্রী বহনকারী একটি জিপ খাদে পড়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু এবং আরও দুজন আহত হন।
সূত্র: ডন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









