বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত করতে সৌদি আরব পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) নতুন প্যাকেজ ভিসা চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে ভ্রমণকারীরা একসঙ্গে ফ্লাইট, হোটেল এবং ই-ভিসাসহ একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের জন্য আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (৭ জুলাই) গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ সেবা দেওয়া হবে।
নতুন এই প্যাকেজে যাওয়া-আসার বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক পর্যটন ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি পর্যটকরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, ভ্রমণ কার্যক্রম ও পর্যটন অভিজ্ঞতাও যুক্ত করতে পারবেন। ফলে আলাদাভাবে ফ্লাইট, হোটেল ও ভিসার জন্য আবেদন করার প্রয়োজন হবে না।
তবে এ সেবা দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুমোদিত হতে হবে। পাশাপাশি তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবার ব্যবস্থা থাকতে হবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভিশন ২০৩০-এর আওতায় পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।
এর আগে সৌদি আরব ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসার মতো বিভিন্ন সুবিধা চালু করে পর্যটকদের জন্য প্রবেশব্যবস্থা সহজ করেছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৫ সালে দেশটি ২৯ মিলিয়নেরও বেশি পর্যটককে আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন, নতুন এই প্যাকেজ ভিসা দর্শনার্থীদের ভ্রমণকে আরও সহজ, স্মার্ট ও নির্বিঘ্ন করবে। একই সঙ্গে এটি পর্যটন খাতের অংশীদারদের সক্ষমতা বাড়াবে এবং সৌদি আরবকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করবে।
মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগের ফলে পর্যটকদের অবস্থানের সময় বাড়বে, তারা আরও সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা অর্জন করবেন এবং পর্যটন খাতে ব্যয়ও বৃদ্ধি পাবে।
সূত্র: গালফ নিউজ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









