হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের ৮০টি সামরিক লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী’ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এ আগ্রাসনের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দুই পরাশক্তির মধ্যে নতুন করে তৈরি হওয়া এই চরম উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে অনেকটা বেড়ে গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র দিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এই হামলা চালানো হয়েছে।
হরমুজ প্রণালি ও এর আশপাশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ৬০টির বেশি ছোট নৌযানেও আঘাত হানার কথা বলেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সেন্টকম বলেছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাবিকদের পরিচালিত বাণিজ্যিক জাহাজে হামলার ‘মূল্য চুকাতেই' এই অভিযান।
হামলার শিকার জাহাজগুলো হল- মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী কাতারি জাহাজ ‘এমটি আল আল-রেকাইয়াত ’, সৌদি আরবের পতাকাবাহী ‘এমটি ওয়াদিয়ান’ এবং লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি সাইপ্রাস প্রসপারিটি’।
জাহাজে হামলার এই ঘটনাকে ‘অযৌক্তিক আগ্রাসন’ এবং ‘যুদ্ধবিরতির সুস্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘন’ আখ্যা দিয়ে সেন্টকম বলেছে, চুক্তি লঙ্ঘিত হলে ইরানকে জবাবদিহির আওতায় আনতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি লিখেছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিক অঞ্চলে এই মার্কিন হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। ইরাকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা চলাকালে এই হামলাকে ‘নগ্ন আগ্রাসন’ আখ্যা দিয়ে এর 'কঠোর জবাব' দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেবে না তেহরান। বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলের জন্য কেবল ‘ইরানের নির্ধারিত রুটই’ নিরাপদ বলে হুঁশিয়ার করেছে তারা।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি দাবি করেছে, সামরিক স্থাপনার কথা বলা হলেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ হামলাই হয়েছে দক্ষিণাঞ্চলের বেসামরিক এলাকা লক্ষ্য করে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিভাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই হামলা গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের ‘সুস্পষ্ট লঙ্ঘন’। তেহরান এর জবাবে ‘চূড়ান্ত পদক্ষেপ’ নেবে বলে তিনি সতর্ক করেছেন।
হামলার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞায় দেওয়া সাময়িক ছাড় প্রত্যাহার করে নেয়। ওই ছাড়ের ফলে ইরান সীমিত পরিসরে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানির সুযোগ পেয়েছিল। এটি গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের অংশ ছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তকে ‘সমঝোতা স্মারকের লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করে বলেছে, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের ‘অসৎ উদ্দেশ্য, অসঙ্গতি ও অবিশ্বস্ততা’ আরও স্পষ্ট হয়েছে।
তেহরান তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেছে ইরান।
এদিকে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় কাতার ও সৌদি আরবও ইরানকে দায়ী করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘আল-রেকাইয়াত’ নামের একটি কাতারি জাহাজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয় এবং তার দাবি, এর জন্য ইরান দায়ী।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়েই সরবরাহ করা হয়।
যুদ্ধ চলাকালে ইরান ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ নামে একটি নতুন সংস্থা গঠন করে, যার মাধ্যমে প্রণালিতে নিরাপদ চলাচলের অনুমতিপত্র (সেইফ প্যাসেজ পারমিট) দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছিল, নতুন সমঝোতা অনুযায়ী ভবিষ্যতে ওমানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা দেখবে ইরান। এ ব্যবস্থার আওতায় প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে সেবা ফিও নেওয়া হতে পারে।
এদিকে ইরানে নতুন করে মার্কিন হামলা এবং বাণিজ্য নিষেধাজ্ঞা পুনর্বহালের সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২.৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বন্ড ফিউচারের দরপতন হয়েছে।
নতুন করে মার্কিন হামলার খবরে ইরাক সফর সংক্ষিপ্ত করে তেহরানে ফিরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে যোগ দিতে তিনি ইরাকের নাজাফে ছিলেন।
গত মঙ্গলবার রাতে খামেনির মৃতদেহ নাজাফে পৌঁছায়। আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে সমাহিত হওয়ার আগে তার কফিন নাজাফ থেকে ইরাকের কারবালায় নেওয়া হবে। ইরাক সফরে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা ছিল পেজেশকিয়ানের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









