ভারতের রাজধানী দিল্লিতে ভারি বৃষ্টির মধ্যে একটি চারতলা ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন এলাকায় ভূমিধস ও যোগাযোগব্যবস্থায় বিঘ্নের ঘটনা ঘটছে।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে রয়টার্স জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দিল্লির রোহিনি এলাকায় চারতলা একটি ভবন ধসে পড়ে। এতে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
স্থানীয় এক কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। দমকলকর্মীরা উদ্ধার করে চারজনকে হাসপাতালে পাঠালে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। এর আগে স্থানীয়রা আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উদ্ধার হওয়া আরেকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, ভারতের আবহাওয়া দপ্তর দিল্লির কিছু অংশ এবং পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। বৃষ্টির কারণে দিল্লির বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে।
এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়ানাদে মঙ্গলবার ভূমিধসে অন্তত চারজন নিহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রেও বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় আরও অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। পুনের একটি বর্জ্য শোধন কেন্দ্রে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ১৬ জন চাপা পড়েন। তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করা হলেও বাকি নয়জন আটকা ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









