ইরান তাদের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই তেহরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় নতুন করে নির্মাণ তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে।
সিএনএন জানায়, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে তেহরানের সুরক্ষিত সামরিক কমপ্লেক্স পারচিনের একটি স্থানে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক উপাদান সংরক্ষণের সম্ভাব্য স্থাপনার কার্যক্রমের আলামত দেখা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন ও ইসরায়েলি হামলায় সৃষ্ট গর্তগুলো প্রথমে অস্থায়ীভাবে ঢেকে রাখা হয়েছিল। পরে সেই ঢাকনা সরিয়ে সেখানে জাল বসানো হয়। একই সঙ্গে আশপাশে কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।
বিশ্লেষকদের ধারণা, এসব কার্যক্রম থেকে বোঝা যায় ইরান ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত বা পুনর্নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।
এ ছাড়া পিক্যাক্স মাউন্টেন এলাকায় অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে টানেলের ভেতরে ট্রাক চলাচলের দৃশ্যও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কিছু বিশেষজ্ঞের মতে, যদি এসব কার্যক্রম সত্যিই পরমাণু স্থাপনা পুনর্গঠনের অংশ হয়ে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি-সংক্রান্ত সমঝোতার শর্তের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









