কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অর্থ নেবে।
সোমবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন এখন থেকে হরমুজ প্রণালির অভিভাবকের ভূমিকা পালন করবে। এতদিন যুক্তরাষ্ট্র কোনো অর্থ ছাড়াই এই গুরুত্বপূর্ণ জলপথ পাহারা দিয়ে আসছিল বলেও দাবি করেন তিনি। এখন ধনী দেশগুলোর কাছ থেকে এর খরচ বা ক্ষতিপূরণ নেওয়া হবে।
ট্রাম্প বলেন, “এটি পাহারা দেওয়ার জন্য আমরা মূল্য পাব, অনেক অর্থ। তবে সেই অর্থ নেওয়া হবে নিজেদের লোকজনকে ঝুঁকিতে ফেলার বিনিময়ে।”
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য এলো। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি শুরুর পর সোমবার অঞ্চলটিতে সবচেয়ে বড় ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘাতের কারণে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
সাক্ষাৎকারে ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে আলোচনার পর যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, সেগুলোতে পরে পরিবর্তন আনার চেষ্টা করছে ইরান।
বিস্তারিত না জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রণালিটির নিয়ন্ত্রণ নিচ্ছে এবং ইরানের হাতে কিছুই নেই। তার দাবি, ১১ ঘণ্টার বৈঠকে সব বিষয়ে সমঝোতা হয়েছিল, কিন্তু বৈঠক শেষে ইরান আবার কিছু বিষয় পরিবর্তনের কথা জানিয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, অপরপক্ষ বারবার নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তেহরানও আগের অবস্থান থেকে সরে এসেছে। তবে উত্তেজনা কমাতে কাতার, ওমান ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









