পাবনা পৌর এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানের দাবিতে সাংস্কৃতিক ও মননচর্চার সংগঠন ‘আহ্বান’-এর উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“ময়লার দুর্গন্ধে নয়, পরিচ্ছন্ন শহরে বাঁচতে চাই, ভাঙা রাস্তায় নয়, নিরাপদ পথে হাঁটতে চাই”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে শহরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লিটন, শিক্ষাবিদ সুজিত কুমার চৌধুরী, বাচিকশিল্পী ও সাংস্কৃতিক কর্মী সামুন সাব্বির, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পিপীলিকার সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা, মোসাব্বির হোসেন সঞ্জু, ‘আহ্বান’-এর সভাপতি ডা. জুবায়ের তানভীর এবং সাধারণ সম্পাদক তিমির হায়দার।
বক্তারা বলেন, প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী জেলা শহর পাবনা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও নাগরিক সেবার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা বিরাজ করছে। শহরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী, ড্রেন নির্মাণকাজের ধীরগতির কারণে জনদুর্ভোগ বাড়ছে, নিয়মিত ময়লা অপসারণ না হওয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। পাশাপাশি জলাবদ্ধতা, ফুটপাত দখল এবং অবৈধ পার্কিংয়ের কারণে নগরজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে।
তারা দ্রুত এসব সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ভাস্কর চৌধুরী, নাট্যব্যক্তিত্ব সাজ্জাদ মঙ্গল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আজিজুল হক লিটন, সাংস্কৃতিক কর্মী রিপন ফকির, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম কে ফরিয়াদ, আলমগীর হোসেন, সাইফুল বাবু, মুন্নাসহ শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নাগরিক জীবনের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পাবনা গড়ে তুলতে নাগরিক সমাজের সম্মিলিত অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









