দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মৌলভীবাজার।
বুধবার (১৫ জুলাই) দুপুরে শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আকস্মিক কর্মসূচির কারণে জেলাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন হাজারো সাধারণ যাত্রী ও পথচারী।
বুধবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত অবস্থান নেয়। পরবর্তীতে আন্দোলনকারীরা শহরের ব্যস্ততম চৌমুহনা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে শহরের মূল সংযোগ সড়কগুলো সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। এসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ ও কটাক্ষের স্লোগান। শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তারা স্লোগান দেন- ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’। এছাড়া শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করে রাজপথ কাঁপিয়ে তারা স্লোগান তোলেন, ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’ এবং ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’।
আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে প্রতিকূল ও দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার ওপর শিক্ষার্থীদের প্রতি এমন অসম্মানজনক ও উপহাসমূলক মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
এছাড়া একই দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে থেকেও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে এসে সড়ক অবরোধ করে বসে। এর ফলে মৌলভীবাজার-সিলেট এবং শ্রীমঙ্গল-ঢাকা আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









