তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে ইউরোপের দেশ বেলজিয়ামে গত ১৫ দিনে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউট ‘সিয়েনসানো’ জানিয়েছে, মাত্রাতিরিক্ত তাপমাত্রা এবং বাতাসে ওজনের উচ্চ ঘনত্বের কারণে মৃত্যুহার স্বাভাবিকের চেয়ে প্রায় ৪৮ শতাংশ বেড়ে গেছে। গত জুন মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত চলা এই তাপপ্রবাহকে ২০০০ সালের পর দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী হিসেবে উল্লেখ করা হয়েছে।
সিয়েনসানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৫ দিনে ঘটেছে এসব মৃত্যু। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।
বিবৃতিতে সিয়েনসানোর পক্ষ থেকে বলা হয়েছে, ২০০০ সাল থেকে দেশে তাপপ্রবাহ জনিত মৃত্যুর রেকর্ড রাখছে সংস্থাটি। সেসব রেকর্ডের তথ্য অনুযায়ী, এ বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও শারীরিক জটিলতায় বেলজিয়ামে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০২০ সলে। সে বছর ১ হাজার ৫৫৭ জনের প্রাণহানি হয়েছিল দেশটিতে।
সূত্র : এএফপি/ আনাদোলু এজেন্সি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









