দেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর বা ৩৬৫ দিন করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, এই ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।
তবে প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের দেশটির সরকারি অনলাইন প্ল্যাটফরম ‘নুসুক’ থেকে একটি প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের বেশি হতে পারবে না। এছাড়া আগমনের আগে নুসুক প্ল্যাটফরমের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
তবে হজ মৌসুমে আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা কার্যকর থাকবে না। এ সময়ে ভিসাধারীরা ওমরাহ ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
সোমবার (২০ জুলাই) এক প্রতিবেদনে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র : গালফ নিউজ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









